কোভিড-১৯ মহামারির মধ্যে এক নারীর মানসিক বিপর্যয়কে কেন্দ্র করে লেখা ‘উইল দেয়ার এভার বি অ্যানাদার ইউ’ উপন্যাসের জন্য এ বছর ১০ হাজার মার্কিন ডলারের ‘গ্যাব হাডসন পুরস্কার’ পেয়েছেন লেখক প্যাট্রিশিয়া লকউড।
বিচারকদের মতে, বইটির বাক্য ও অনুচ্ছেদ কখনো সৌন্দর্যে পাঠককে মুগ্ধ করে, আবার কখনো হাসিতে কাতর করে। উপন্যাসটিতে গভীর বেদনা থাকলেও আত্মদয়া নেই। মানুষ হিসেবে আমাদের হাস্যকর অবস্থাকে দেখার অসাধারণ আত্মসচেতনতা রয়েছে।
পুরস্কার পাওয়ার পর লকউড বলেন, গ্যাব হাডসনের সঙ্গে তার কখনো দেখা না হলেও তার সঙ্গে এক ধরনের আত্মিক সম্পর্ক অনুভব করেন। হাডসন ছিলেন একজন উদার সাহিত্যকর্মী, মজার ও তীব্র অনুভূতির গল্পের লেখক এবং অন্য লেখকদের উৎসাহদাতা।
প্রয়াত লেখক, শিক্ষক ও সম্পাদক গ্যাব হাডসনের নামে ২০২৪ সালে এই পুরস্কার চালু করেন তার মা সানচিয়া সেমেরে। পুরস্কারটি পরিচালনা করছে প্রকাশনা সংস্থা ম্যাকসুইনিস।
২০২৩ সালে ৫২ বছর বয়সে মারা যান গ্যাব হাডসন। লেখক হিসেবে ‘ডিয়ার মিস্টার প্রেসিডেন্ট’ গ্রন্থের জন্য তিনি পরিচিত। পাশাপাশি তিনি ম্যাকসুইনিসের সম্পাদনা ও দক্ষিণ কোরিয়ার ইয়নসেই বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন।
প্যাট্রিশিয়া লকউডের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘প্রিস্টড্যাডি’ ও ‘নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট দিস’। ২০২১ সালে দ্বিতীয় বইটি বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেয়।