মাংসগন্ধী ফুল

ফুলের কারবারিরা জানে খুব কোথায় স্পর্শিলে

তার ঘুম ভাঙে, কোন বৃন্তে ফুটে থাকে অভিমান

কোন বৃন্ত শুধু এক শবাধার, ফোটে না কখনো

কোথায় হল্লার মতো ফুটে থাকে ব্যথা, চিৎকার 

কোথায় বা নাগাসাকি, পুড়ে খাক মোহময় দিন

দিনের রোদের ভাঁজে গুপ্ত ব্যাধ, পাশবিক মন

রাত্রির বুকের মধ্যে কোন তীর এসে বিঁধে যাবে

আনখবল্লরী, কোথায় এ শর্বরী লুকিয়েছে ঘ্রাণ

গিরিখাতে কোথায় বা সুপ্ত একাকী হারমোনিকা

মাংসের মঞ্জরি কবে অভিলাষে ফোটে রক্তরাগে

ফুলের কারবারিরা জানে কতদূরে গর্ভমুণ্ড, জানে

 

কোথায় ছোঁয়ালে ঠোঁট মরে যায় ফুটবার আগে!