ধারাবাহিক উপন্যাস।। পর্ব—১১

জীবনের প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে ওঠা

যুবক: ঠিক আছে, কিন্তু তারপরও সমস্যা থেকেই যায়। ‘সকল সমস্যাই আন্তঃব্যক্তিক সম্পর্কের সমস্যা’—এই বিবৃতির মধ্যেই সমস্যা রয়েছে। বুঝতে পারছি যে, হীনম্মন্যতার অনুভূতি হলো আন্তঃব্যক্তিক সম্পর্ক থেকে উদ্ভূত উদ্বেগ এবং আমাদের ওপর এর সুনির্দিষ্ট প্রভাব রয়েছে। যৌক্তিক হিসেবে এও মেনে নিচ্ছি যে, জীবন কোনো প্রতিযোগিতা নয়। অন্যদের সহযোদ্ধা হিসেবে মেনে নিতে পারছি না বরং মনের গভীরে কোথাও তাঁদের শত্রু হিসেবে দেখছি। এই হলো সামগ্রিক অবস্থা। কিন্তু একটি বিষয় বুঝতে পারছি না; তাহলো অ্যাডলার আন্তঃব্যক্তিক সম্পর্কের ওপর এত বেশি গুরুত্বারোপ করেছেন কেন? তিনি ‘সব সমস্যাই’ আন্তঃব্যক্তিক সম্পর্ক থেকে উদ্ভূত বলার মতো দৃঢ়তা দেখিয়েছেন কেন?

দার্শনিক: আন্তঃব্যক্তিক সম্পর্কের বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে, যত বিস্তারিতভাবেই তা ব্যাখ্যা করা হোক না কেন কোনোভাবেই তা যথেষ্ট হবে না। নিশ্চয়ই মনে আছে শেষবার তোমাকে বলেছিলাম, ‘তোমার মধ্যে সুখী হওয়ার সাহসিকতার অভাব রয়েছে’, তাই না?

যুবক: চেষ্টা করলেও তা ভুলতে পারতাম না।

দার্শনিক: তাহলে, অন্যদের কেন তুমি শত্রু ভাব এবং সহযোদ্ধা হিসেবে গণ্য করতে পার না? তার কারণ হলো তুমি তোমার সাহস হারিয়েছ এবং ‘জীবনের দায়িত্ব’ (life tasks) থেকে পালিয়ে বেড়াচ্ছ।

যুবক: জীবনের দায়িত্ব?

দার্শনিক: ঠিক তাই। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাডলারের মনোবিজ্ঞানে, মানুষের আচরণ এবং মনোবিজ্ঞানের জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়।

যুবক: কী ধরনের লক্ষ্য?

দার্শনিক: প্রথমত, আচরণের ক্ষেত্রে দুটি লক্ষ্য রয়েছে—আত্মনির্ভরশীল হওয়া এবং সমাজে সকলের সঙ্গে একত্রে শান্তিতে বসবাস করা। দ্বিতীয়ত, এই আচরণকে সমর্থন জোগানো মনোবিজ্ঞানের লক্ষ্য হলো—সচেতনতা অর্থাৎ ‘আমার সামর্থ্য আছে’ এবং ‘অন্যরা আমার সহযোদ্ধা’—এমন বোধ।

যুবক: এক মিনিট! বিষয়টি লিখে নিচ্ছি…আচরণের ক্ষেত্রে দুটি লক্ষ্য রয়েছে; তা হলো আত্মনির্ভরশীল হওয়া এবং সমাজে সকলের সঙ্গে একত্রে শান্তিতে বসবাস করা। তা ছাড়া, এই আচরণকে সমর্থন জোগানো মনোবিজ্ঞানের লক্ষ্য হলো—সচেতনতা অর্থাৎ ‘আমার সামর্থ্য আছে’ এবং ‘অন্যরা আমার সহযোদ্ধা’—এমন বোধ। তাহলে দেখতে পাচ্ছি ব্যক্তি হিসেবে আত্মনির্ভরশীল হওয়া এবং একই সময়ে সমাজ ও সমাজের মানুষের সঙ্গে একত্রে সম্প্রীতিতে বসবাস করা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বিষয়টি আমাদের আলোচনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে।

দার্শনিক: আর অ্যাডলারের ভাষ্যমতে ‘জীবনের দায়িত্ব’ মোকাবিলা করেই এই লক্ষ্যগুলো অর্জন করা যায়।

যুবক: তাহলে, এই ‘জীবনের দায়িত্বগুলো’ কী?

দার্শনিক: চলো ‘জীবন’ শব্দটিকে শৈশবের আঙিনায় খুঁজে দেখি। শৈশবকালে আমরা বাবা-মায়ের আশ্রয়ে সুরক্ষিত থাকি এবং কাজ না করেও বাঁচতে পারি। কিন্তু শেষ পর্যন্ত এমন একটি সময় আসে, যখন সবাইকে আত্মনির্ভরশীল হতে হয়। কেউ সারাজীবন বাবা-মায়ের উপর নির্ভরশীল থাকতে পারে না; অবশ্যই তাঁকে মানসিক এবং সামাজিকভাবে আত্মনির্ভরশীল হতে হয়। আর কোনো না কোনো ধরনের কাজের সঙ্গে তাঁকে সম্পৃক্ত হতে হয়। তবে, এই কাজ কেবল কোনো প্রতিষ্ঠানে চাকরি করার সংকীর্ণ সংজ্ঞার মধ্যে সীমাবদ্ধ নয়। অধিকন্তু বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে একজন বিভিন্ন ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে শুরু করে। অবশ্যই, একজন কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালে তা পরে বিয়েতেও গড়াতে পারে। এটি ঘটার অর্থ হলো বৈবাহিক সম্পর্কের শুরু হওয়া। উক্ত দম্পতির সন্তান হলে আবার নতুন করে বাবা-মা ও সন্তানের সম্পর্কের সূচনা হয়। এই ধারাবাহিক প্রক্রিয়া থেকে উদ্ভূত আন্তঃব্যক্তিক সম্পর্কগুলোকে অ্যাডলার তিনটি শ্রেণিতে ভাগ করেছেন। তিনি এগুলোকে ‘কর্মের দায়িত্ব’ (tasks of work), ‘বন্ধুত্বের দায়িত্ব’ (tasks of friendship) এবং ‘ভালোবাসার দায়িত্ব’ (tasks of love) বলে উল্লেখ করেছেন, এবং সম্মিলিতভাবে এগুলোকে ‘জীবনের দায়িত্ব’ (life tasks) হিসাবে বর্ণনা করেছেন।

যুবক: এই দায়িত্বগুলো কি সমাজের একজন সদস্য হিসেবে তাঁর দায়বদ্ধতা? অন্য কথায়, এগুলো কি শ্রম এবং কর প্রদানের মতো কিছু?

দার্শনিক: না। অনুগ্রহপূর্বক এগুলোকে একেবারেই আন্তঃব্যক্তিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে অর্থাৎ কারও আন্তঃব্যক্তিক সম্পর্কের দূরত্ব ও গভীরতা দিয়ে বিবেচনা কর। অ্যাডলার এই বিষয়টি প্রকাশে গুরুত্ব দেওয়ার জন্য মাঝে মধ্যে ‘তিনটি সামাজিক বন্ধন’ (three social ties) শব্দগুলো ব্যবহার করতেন।

যুবক: কারও আন্তঃব্যক্তিক সম্পর্কের দূরত্ব ও গভীরতা?

দার্শনিক: সামাজিক জীব হিসেবে বেঁচে থাকার জন্য একজনকে যে-সকল আন্তঃব্যক্তিক সম্পর্কের মুখোমুখি হওয়া ছাড়া কোনো উপায় থাকে না সেগুলোই জীবনের দায়িত্ব। এগুলো আসলে এমনই দায়িত্ব যার মুখোমুখি হওয়া ছাড়া কোনো গত্যন্তর নেই।

যুবক: আর একটু স্পষ্টভাবে বলবেন কী?

দার্শনিক: চলো, প্রথমেই কর্মের দায়িত্ব সম্পর্কে চিন্তা করি। ধরন যাই হোক না কেন, কোনো কাজই সম্পূর্ণরূপে একাকী সম্পন্ন করা সম্ভব নয়। উদাহরণস্বরূপ, আমি সচরাচর আমার অধ্যয়নকক্ষে বসে বইয়ের পাণ্ডুলিপি লিখি। লেখা একটি সম্পূর্ণ স্বেচ্ছাধীন বিষয়, যা আমার হয়ে অন্য কেউ করে দিতে পারে না। কিন্তু তারপর সম্পাদক, বইয়ের নকশা ও মুদ্রণের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি থেকে বিতরণ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও বইয়ের দোকানের কর্মী এবং এমন আরও অনেকের সংশ্লেষ রয়েছে, যাদের সহায়তা ছাড়া এই কাজ বাস্তবায়ন করা সম্ভব হতো না। আসলে অপরের সহযোগিতা ছাড়া কোনো কাজ সম্পন্ন করা নীতিগতভাবে অসম্ভব।

যুবক: মোটা দাগে আমিও তাই মনে করি।

দার্শনিক: তবে, দূরত্ব ও গভীরতার দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হলে কাজের ক্ষেত্রেই আন্তঃব্যক্তিক সম্পর্কের প্রতিবন্ধকতা সবচেয়ে কম। কর্মক্ষেত্রে সব সময় আন্তঃব্যক্তিক সম্পর্কের একটি সহজবোধ্য সাধারণ লক্ষ্য থাকে—তাহলো, ভালো ফলাফল অর্জন করা। এই কারণে, পরস্পরের সঙ্গে সবসময় ভালো সম্পর্ক না থাকলেও তাঁরা একসঙ্গে কাজ করতে পারে। তবে, মাঝে মধ্যে কিছুটা বাধ্যবাধকতাও থাকে, ফলে অনিচ্ছা থাকলেও সহযোগিতা না করে উপায় থাকে না। এজন্য কাজ শেষ হলে বা কেউ চাকরি পরিবর্তন করলে, কেবল কাজকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সম্পর্ক স্বাভাবিকভাবেই বহিরাগত সম্পর্কে পরিণত হয়।

যুবক: হ্যাঁ, নিতান্তই সত্য কথা।

দার্শনিক: এভাবে আন্তঃব্যক্তিক সম্পর্কের ক্ষেত্রে এই পর্যায়ে যখন কেউ খেই হারিয়ে ফেলে তখন তাঁকে শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণে অনিয়োজিত (Not in Education, Employment and Training—NEET) অথবা গৃহবন্দি (ঘরের মধ্যে নির্জনবাস গ্রহণকারী) যুবক হিসেবে আখ্যায়িত করা হয়।

যুবক: হাহ্‌! এক মিনিট! আপনি কি বলতে চাচ্ছেন যে, কাজের সঙ্গে সম্পৃক্ত আন্তঃব্যক্তিক সম্পর্ককে এড়াতে চায় বলেই তাঁরা কাজ করতে চায় না? বরং এজন্য নয় যে, তাঁদের কাজের প্রতি অনীহা রয়েছে অথবা তাঁরা কায়িক পরিশ্রম করতে অস্বীকার করে?

দার্শনিক: নিজেরা সচেতনভাবে অনুধাবন করে কিনা—সেই প্রশ্নটি একপাশে সরিয়ে রাখলেও, আন্তঃব্যক্তিক সম্পর্কই আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি চাকরির আবেদন করে, সাক্ষাৎকারও দেয়, কিন্তু একের পর এক কোম্পানি থেকে প্রত্যাখ্যাত হয়। ফলে তাঁর অহম চূড়ান্তভাবে আহত হয়। তিনি ভাবতে শুরু করেন, এই যদি হয় পরিস্থিতি, তাহলে কাজের উদ্দেশ্যই-বা কী হতে পারে? অথবা, যদি এমন হয়—কর্মস্থলে তাঁর একটি বড়ো ভুলের কারণে কোম্পানিকে বিপুল পরিমাণ অর্থ লোকসান দিতে হয়। তিনি এতটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েন, যেন মনে হয় অন্ধকারে তলিয়ে যাচ্ছেন, এবং পরের দিন আর কাজে যাওয়ার কথা ভাবতেই পারেন না। এসব উদাহরণ আসলে কাজটিকে অগ্রহণযোগ্য করে তুলছে তা নয়; বরং যা অগ্রহণযোগ্য করে তুলছে তা হলো—কাজের মাধ্যমে অন্যদের দ্বারা সমালোচিত বা তিরস্কৃত হওয়া; অসমর্থ, অযোগ্য বা অক্ষম হিসেবে চিহ্নিত হওয়া, কাজের জন্য অনুপযুক্ত বিবেচিত হওয়া, এবং একজনের প্রখর আত্মসম্মানকে আঘাত করা। সামগ্রিকভাবে বলতে হয়, সবকিছুই মূলত আন্তঃব্যক্তিক সম্পর্কের বিষয়।