করোনায় আমরা ভীত নই। বরং মোকাবেলা করছি গৃহে অন্তরীণ থেকে। এতে হয়ত কিছুটা বাড়তেও পারে মানসিক চাপ। তাই আসুন, খুলে দেই মনঘরের জানালা। নিজেকে চালিত করি সৃজনশীলতায়। আপনি নিয়মিত লিখছেন, বা এটাই হতে পারে আপনার প্রথম গল্প। লিখুন ফেসবুকে। চটজলদি ৫০০ শব্দের গল্প, বাংলা ট্রিবিউনের জন্য। একইসঙ্গে নমিনেট করুন আপনার পছন্দের আরও ১০ জন লেখককে। সেরা ১০ জন লেখক পাচ্ছেন কাগজ প্রকাশনের বই। আর অবশ্যই হ্যাশট্যাগ দিন #বাংলাট্রিবিউনসাহিত্য
‘পঞ্চবিংশ শতাব্দীর রোবট সাম্রাজ্যে আপনাদের স্বাগতম’—গর্বের সাথে টেনে টেনে উচ্চারণ করলেন রোবট এসোসিয়েশনের ভয়ঙ্কর ক্ষমতাধর সভাপতি কিটি। মিলনায়তনে পিনপতন নিস্তব্ধতা। চৌকস, ক্ষমতাশালী রোবটবৃন্দ অধীর আগ্রহে অপেক্ষমান। মহামান্য কিটি আজই ঘোষণা করবেন পঞ্চবিংশ শতাব্দীর অত্যাশ্চর্য রোবটটির নাম।
কণ্ঠস্বরে কৃত্রিম গাম্ভীর্য এনে কিটি বললেন, দিনরাত পরিশ্রম করে, অজস্র তথ্য-উপাত্ত সংগ্রহ করে, আপনাদের বিগত কর্মকাণ্ড বিশ্লেষণ করেও আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি পঞ্চবিংশ শতাব্দীর অত্যাশ্চর্য রোবট হিসাবে কার নাম ঘোষণা করবো। আপনাদের মধ্যে সোফিয়া মানুষের অনেকগুলো বৈশিষ্ট্য ধারণ করে আছে, ক্লারা দশ হাজার সৈনিকের কাজ একাই করতে পারে, মিউকাস মানবিক বোধ সম্পন্ন রোবট হিসাবে স্বীকৃত, সে মানুষের মতোই ভাবতে পারে। এমনকি রাফার মতো রোবটেরা সন্তান জন্ম দিতেও সক্ষম। সুতরাং শ্রেষ্ঠ রোবট বাছাই করা শুধু কঠিন নয়, আমাদের জন্য অসম্ভব একটা ব্যাপার। এখন নিজেদের মধ্যে আলোচনা করে আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে এই শতাব্দীর শ্রেষ্ঠ রোবটটির নাম কী?
দয়া করে আপনারাই বলে দিন অত্যাশ্চর্য রোবটটির নাম।
কিটির ঘোষণার পর রোবটদের মধ্যে দারুণ চাঞ্চল্য, অস্থিরতা দেখা দিল তারপর শ্মশান-নীরবতা। রোবটগুলো অদ্ভুতভাবে মাথা চুলকাতে লাগলো এবং কিছুক্ষণ পর একযোগে চিৎকার করে বলে উঠলো...
মানুষ! মানুষ!