ঈদ সংখ্যা ২০২৬

কেউ বিশ্বাস করুক বা না করুক

পলাশ ফুটেছে আবার তাই আমি লিখছি পঙ্‌ক্তি

কতটা রঙ জমা হলে ইজেলে ছবি আঁকা যায়

কতটা আলো মেখে নিলে চিল উড়তে পারে সমুদ্র অবধি

কতটা অন্ধকার লুট করে বাদুড় চলে অন্য প্রদেশে

জানা আছে কারো?

একটা নদী শুকিয়ে যাবার আগে যেভাবে কেঁদে ওঠে

তার আর্তনাদ শুনেছে কোনো কবি? কোনো পরিবেশ বিশারদ?

একটা শালিক তার সঙ্গী হারিয়ে যেভাবে পাক খায় শুকনো পাতার দঙ্গলে

তাকে কে শেখাবে নতুন অন্তরা?

নতুন বাঁকা চাঁদ পশ্চিম আকাশে ওঠার পর গণনা শুরু হয় দিনের

চাঁদের কাছে কেউ জানতে চেয়েছ রহস্য?

অনাহারী বিক্ষত শিশুটি গাজার রাস্তায় থালা নিয়ে দৌড়ানোর

সময় তার জুতোর রঙ দেখেছ কেউ?

কিংবা কী ক্ষিপ্র তার গতিপথ?

এক বছর পর আবার ফুটল পলাশ

কালচে রক্তের দাগ নিয়ে

সে আমাকে ইশারা করে, কী কী ভুলে গিয়েছি তার ফিরিস্তি দেয়

আমি দেখি ওর গ্রীবার ভঙ্গি—থোকা থোকা ফুলের কারসাজি।