ঈদ সংখ্যা ২০২৬

বন্দনা

কাক এসেছে কাক এসেছে
ডাক এসেছে পাড়ায়
এইভাবেই বিষণ্নরা
জীবনটাকে হারায়।

দিঘির পাশে তিন কোকিলে
করছে আলাপন,
যায় না বলা শত্রু কে কার
কে কার আপন জন!

সাত সকালে দোল দিয়েছে
অল্প পানির শোল,
বাজছে কাঁসা, অন্যপাড়ে
কেউ বা বাজায় ঢোল।

হালকা হাওয়ায় কুজ্ঝটিকা
উড়ছে মেঘের মতো,
গানের ভেতর আজও আকাশ
রয়েছে অক্ষত।

আমরা সবাই একই মানুষ,
দাদা বলছে, ভাই!
বটতলাতে চেয়ার পেতে
জীবনকে সাজাই।