ঈদ সংখ্যা ২০২৬

মেঘ কুসুমে

পাকা পাকা মেঘ ফুল ঝরছে উঠানে
বধু তুলছে ঝরা ফুল
আমাকে পরাবে জলের মালা
এই ভরা বর্ষায় সারাদিন ডুব দিয়ে মদে
দেহের অধিক ফিরেছি সন্দেহে
সাধুর লাউ ধরে হয়ে গেছি চোখ লাল ষাঁড়
বধু এই অন্ধকারে অশ্রু মুছিয়োনা আর
একদিন তুমি হবে আলো
আর আমি সামান্য জলের আকার
পয়সা কড়িতে নয় আমরা বানাবো সাঁকো রক্তের মুদ্রায়
আমরা বুনব কাউনের ধান,
আমরা পড়ব তারার নামতা
আমাদের কোনো বাড়ি হবে না
নদীর তরঙ্গের শপথ
আলো আর জলে মিলে
একদিন আমরা ভাসব দ্যুয়ে।