ঈদ সংখ্যা ২০২৬

ভয়

মৃতদেহ তোমাকে তাড়া করবে না
ঘাবড়ে যেও না— চুমু খাবে না, খামচে দেবে না
মাংসের নিচে অস্থি— মজ্জা— নিপুণ একক
ফুটো হওয়া গুঁড়ো হওয়া হাড়ের ভেতর
কী বাঁশি বাজায় বাতাস
রোদ খেয়ে তেলমাখা দেহ বেঁচে উঠবে না
মস্তিষ্কে নেই কোনো নতুন খবর
কী বাঁশি বাজায় বাতাস নীপবনে
তুমি কি জানো
তাড়িয়ে নেবে না সতেজ দেহ— তোমার আমার
ভয় পেয়ো না— না না
জানো তো ভয় মোক্ষম অস্ত্র
মৃত মানে দলা মাংশ— একলা— উপেক্ষিত
চেপে ধরো শ্বাস— গেলে দাও চোখ
পিষে পিষে মারো— ওই বুক আঙুল বলবে না কিছু
হাত দুটো সাজিয়ে আনবে না চায়ের পেয়ালা
পাগুলো সারাদিন দৌড়ে জানাবে না দুঃসংবাদ
মিষ্টি হেসে মুখগুলো বলবে না, আজ উঠি
ভয় পেয়ো না— না না
কেউ তোমাকে তাড়া করবে না
কারো কাছে কোনো অকাট্য প্রমাণ নেই
মৃতের শক্তি তোমার চেয়ে ভালো আর কে জানে।