বিবস্ত্র সম্ভাষণ

তারপর যখন দেখা হলো—
সময় লিখছিল
এক বিবস্ত্র সম্ভাষণ।

মুখোমুখি বসে
চোখের আড়ালে চোখ;
কিছু অস্পষ্ট অভিব্যক্তি
আছড়ে পড়ছিল নীরবে

আগুন–অশ্রুভেজা চোখ তুলে
কিছু বলতে চেয়েছিলে—
হয়তো!
নাকি অপরাগ দৃষ্টির রং
শেষবার দেখে নিতে চেয়েছিলে
জানি না।

তাও যদি হতো—
উচ্ছিষ্ট জীবন
না হয় তাতে ভেসেই যেত।

কিন্তু, কিছুই হলো না।
সামান্য সৌজন্যটুকুও না

শুধু আশ্চর্য বিকেলের দিকে তাকিয়ে
তুমি বললে,
“আজ তবে আসি।”