ভ্যানে চড়ে ভোট দিতে এলেন হানিফ

মঙ্গলবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে খুলনার ভোটাররা ভোট দিচ্ছেন। এদেরই একজন হানিফ মোল্লা (৫০)। কোমরের হাড় ভাঙা বলে তিনি হাঁটা-চলা করতে পারেন না। তাই বলে ভোট না দিয়ে থাকতে পারেননি। তিনিও ভোট দিতে এসেছেন, ভ্যানে চড়ে।

নগরীর ১৮ নম্বর ওয়োর্ডের তালিমুল মিল্লাত মাদ্রাসা কেন্দ্র ভোট দিয়েছেন হানিফ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তুষ্ট তিনি।

এদিকে, ভোটগ্রহণ শুরুর প্রথম দুই ঘণ্টায় ২০ শতাংশ ভোট পড়েছে বলে বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা জানিয়েছেন। নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের খুলনা কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তুষার কান্তি রায় জানান, তার কেন্দ্রে মোট ভোটের ২০ শতাংশ দেওয়া হয়েছে। একই কথা জানিয়েছেন পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা অমল কুমার।