ইউআইটিএস-এর বর্ণাঢ্য ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

ইউআইটিস

 

শিক্ষাঙ্গনে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম তথ্য প্রযুক্তিভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইটিএস-এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত হলো।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বারিধারা ক্যাম্পাস মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি বিকাল ৩টায় “জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে শিক্ষার ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই শিক্ষাঙ্গণে শিক্ষার পরিবেশ বিনষ্টকারী কোনও কর্মকাণ্ড সংগঠিত না হয় এ বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য আলোচনায় গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষাঙ্গনের সন্ত্রাস আমাদের শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। ইদানিং কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা আমাদেরকে বিচলিত করে তুলেছে। যে কোনও মূল্যে এই অপতৎপরতার প্রতিরোধ করে সুশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের সম্মানিত ডিন প্রখ্যাত কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক ড. এম কায়কোবাদ।

অনুষ্ঠানের প্রধান আলোচক ইউআইটিএস এর প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি পরিবারের মাননীয় চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সুফী মোহাম্মদ মিজানুর রহমান বলেন,  বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইউআইটিএস বিভিন্ন পেশাদারি শিক্ষায় হাজার হাজার শিক্ষার্থীকে এ পর্যন্ত জাতির উন্নয়নের সৈনিক হিসেবে তৈরি করার বিশেষ অবদান রাখতে সক্ষম হয়েছে।

শিক্ষার্থীদের উদ্যেশে তিনি বলেন, প্রত্যেক মানুষ তার প্রয়োজনের অতিরিক্ত কতটুকু কাজ করছে, তার ওপর নির্ভর করে তার জীবনের সফলতা। জীবনে সফল হতে হলে একই সঙ্গে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি, আত্মবিশ্বাস, নিয়মানুবর্তিতা,  কঠোর পরিশ্রম করার মানসিকতা ও সততা। আর একজন মানুষ যখন এসকল গুণাবলী অর্জন করে তা পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে সক্ষম হন,  তখনই তার জীবনে উন্নতি ঘটে,  তার জীবন হয় উন্নত ও মহৎ। তিনি আরও বলেন,  যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত।

স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন ড. মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় আজ ঢাকার বারিধারাস্থ ইউআইটিএস-এর ক্যাম্পাসে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান-এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান এবং পিএইচপি ফ্যামিলির মানবসম্পদ ও প্রশাসনের  নির্বাহী পরিচালক আহমদ সিপারউদ্দীন। এতে স্বাগত ভাষণ দেন ইউআইটিএস-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এস. আর. হিলালী।

অনুষ্ঠান শেষে ইউআইটিএস-এর পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম. শরীফ উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, স্কুল অব লিবারাল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্স এর ডিন ড. আরিফাতুল কিবরিয়া, পরিচালক রিসার্চ সেন্টার অধ্যাপক মুহাম্মদ ফরিদ উদ্দিন খান, সকল বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

/এফএএন/