চবি হোটেলগুলোতে চড়া দামে নিম্নমানের খাবার

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসবাসরত শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা পোহাতে হয় নিয়মিত। এরমধ্যে অন্যতম প্রধান সমস্যা খাবারের। এখানকার হলসমুহের ডাইনিং, ক্যান্টিনসহ স্থানীয় হোটেলগুলোতে খাবারের অবস্থা একেবারেই নাজুক। আলাওল হল,  এ.এফ.রহমান,  সোহরাওয়ার্দী, ও আমানত হলের ডাইনিংগুলোতে যে খাবার প্রদান করা হচ্ছে তাতে দেখা যায় অরুচিকর হলেও এসব খাবার অনেকটা বাধ্য হয়েই খাচ্ছেন এখানকার শিক্ষার্থীরা।

চবির অন্যতম জনপ্রিয় হল আলাওল।এই হলে খাবার মোটামুটি মানের হওয়ায় এক বছর আগেও অনেকেই এখানে খেতে ভিড় জমাতেন। তবে এখন সেটা অতীত হয়ে গেছে। এখন এই হলে ডাইনিং এর মান নিম্নে চলে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে মাস্টার্সের একজন শিক্ষার্থী বলেন,  এর আগে জসিম ভাই ভালোই চালাতেন এখানকার ডাইনিং ম্যানেজার ইকরাম খাবারের বিষয়ে তেমন খেয়াল করেন না।

এ বিষয়ে ডাইনিং ম্যানেজার ইকরাম জানান, খুব একটা লাভ করতে পারি না তাই করার কিছু নেই।

এ বিষয়ে আলাওল হল প্রভোস্ট প্রফেসর ড. শফিউল আলম এর সঙ্গে কথা বললে তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ক্যান্টিনটি বেসরকারিভাবে পরিচালিত হয় এটি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে নয় তবে অনিয়ম হলে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গেই দেখি।

হলের ডাইনিং, ক্যান্টিনগুলোর পাশাপাশি এখানকার স্থানীয় হোটেলগুলোর চড়াদামে নিম্নমানের খাবার পরিবেশন করছে।

চবিত প্রতিবন্ধী শিক্ষার্থী খুরশিদ জানান,  খাবারের আকাশচুম্বি দাম হলেও আমরা বাধ্য হয়েই খাচ্ছি এসব। স্থানীয় ব্যবসায়ী সমিতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। বাধ্য হয়ে শিক্ষার্থীদেরও কিছু করার নেই। খেতে হচ্ছে এই খাবার।

/এফএএন/