আজ ২৫ আগস্ট বৃহস্পতিবার সকাল এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান হল আন্দোলনকে সমর্থন জানিয়ে মানববন্ধন করে নোয়খালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 'জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ভাই, তাদের জন্য হল চাই' স্লোগানকে সামনে রেখে প্রায় এক ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নোবিপ্রবির নবম ব্যাচের শিক্ষার্থী আহমেদ উল্লাহ শিমুল, সাজ্জাদ প্রমেল, মামুন, অন্তর, হাফিজ, শাওন, শাকিম প্রমুখ।
উপস্থিত বক্তারা বলেন, "একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিক্ষার্থীদের আবাসিক হল। ইতিহাস থেকে আমরা দেখতে পাই অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সকল আন্দোলন শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় হলগুলো থেকেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ভাই ও বন্ধু। আমরা তাদের ন্যায় ও যুক্তিসঙ্গত এই আন্দোলনকে নৈতিক সমর্থন জানাই।"
/এনএ/