বাকৃবিতে কার্যকরী শিক্ষাদান ও শিক্ষা মূল্যায়ন বিষয়ক কর্মশালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২৬ আগস্ট কৃষি শিক্ষায় কার্যকরী শিক্ষাদান ও শিক্ষা মূল্যায়ন বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি অনুষদীয় সম্মেলন কক্ষে ‘ইফেক্টিভ টিচিং অ্যান্ড লার্নিং অ্যাসেসমেন্ট ইন অ্যাগ্রিকালচারাল এডুকেশন’ শীর্ষক কর্মশালার আয়োজন করে বাকৃবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)।

বাকৃবিতে কার্যকরী শিক্ষাদান ও শিক্ষা মূল্যায়ন বিষয়ক কর্মশালা

কর্মশালায় বাকৃবি আইকিউএসির ডিরেক্টর অধ্যাপক ড. মো.ছোলায়মান আলী ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। মূল প্রবন্ধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন রিসার্চের অধ্যাপক ড. এস.এম. হাফিজুর রহমান। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন বাকৃবি আইকিউএসির অতিরিক্ত ডিরেক্টর অধ্যাপক ড. সুকুমার সাহা। এছাড়াও আয়োজনে বিভিন্ন অনুষদের ৬৪ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

কর্মশালায় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান বলেন,“আমাদের সেমিস্টারভিত্তিক শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীদের নিজের ইচ্ছামত বিষয় নিয়ে পড়ার কোনও সুযোগ রাখা হয়নি। এ কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলছে। এছাড়াও অতিরিক্তি কোর্স ক্রেডিটের কারণে শিক্ষার্থীরা নাজেহাল হয়ে পড়ছে। কোর্স কারিকুলাম ঢেলে সাজানোর ব্যাপারে  জোর দেওয়া উচিত।”

মূল প্রবন্ধ উপস্থাপনের সময় অধ্যাপক ড. এস.এম. হাফিজুর রহমান বলেন, “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থীরা সৃজনশীল পদ্ধতিতে পড়াশোনা করে এসে বিশ্ববিদ্যালয়ে আবার গতানুগতিক ধারায় পড়াশুনা করছে। এজন্য শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়েও সৃজনশীল শিক্ষা পদ্ধতি অনুসরণ করা উচিত।”

 

/এনএ/