সিকৃবিতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

 

সিকৃবির সভা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলমের সভাপতিত্বে ও রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিকৃবির সিন্ডিকেট সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট বিভাগীয় কমিশনার ও সিকৃবির সিন্ডিকেট সদস্য মো. জামাল উদ্দীন আহমেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার কামরুল আহসান বিপিএন, সিকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক সভাপতি প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার, সিকৃবির ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. শাহাব উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নূর হোসেন মিঞা।

এছাড়াও এই আলোচনাসভায় অংশ নেন, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী এজাজুল হক এজাজ, সিকৃবির ভারপ্রাপ্ত প্রক্টর মাহফুজুর রব, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মঈন উদ্দিন, সিকৃবির কর্মকর্তা পরিষদের সভাপতি মো. ছানোয়ার হোসেন মিয়া, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ঋতিক দেব, সিকৃবি কর্মচারী পরিষদের সভাপতি শাহ আলম সুরুক।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সময়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ একটি সামাজিক, রাষ্ট্রীয় ও বৈশ্বিক সমস্যা। বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ যেভাবে তার ডালপালা বিস্তার করছে এতে সামাজিক স্থিতিশীলতা বাধাগ্রস্থ হচ্ছে। যদিও আমাদের দেশে বর্তমানে এ সমস্যাকে প্রতিরোধ ও নির্মূলের ক্ষেত্রে গণসচেতনতার সৃষ্টি হয়েছে। বক্তারা আরো বলেন, সন্ত্রাসী ও জঙ্গিবাদের কোন সুনির্দিষ্ট জীবনদর্শন নেই। যারা এরকমের কর্মকান্ডের সাথে লিপ্ত হয়েছে তারা নিজেরাও জানেনা তারা কি উদ্দেশ্যে এ ধরনের কাজ করছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এসব সমস্যা তথা কারণ সমাধান ও নির্মূলে আমাদের সবাইকে দৃঢ়চিত্তে ঐক্যবদ্ধ হতে হবে। অভিভাবক, শিক্ষকসহ সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। আমাদের সন্তান, শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। আমাদের দৃঢ় বিশ্বাস ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে এদেশ অবশ্যই জঙ্গি ও সন্ত্রাসমুক্ত হবে।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিকৃবির কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. হারুন-অর-রশীদ ও পবিত্র গীতা থেকে পাঠ করেন শিক্ষার্থী রূপচাঁদ সরকার।

/এফএএন/