সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ বিভ্রাট

সিকৃবি ক্যাম্পাস

 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বেশ ক’দিন ধরে নিয়মিতভাবে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। প্রায় প্রতিদিন সন্ধ্যার পর থেকেই কয়েক ঘন্টা বিদ্যুত থাকছে না এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ফলে ভোগান্তিতে পড়ছেন আবাসিক হলের শিক্ষার্থীরা। আর আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করছেন।

বেশ কিছুদিন থেকে এই সমস্যার সৃষ্টি হয়েছে। বিভিন্ন অনুষদের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল ও ক্লাস পরীক্ষা চলছে। রাতে কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকায় পড়ালেখা করতে ব্যাপক অসুবিধা হচ্ছে তাদের।

মৎস্যবিজ্ঞান অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জীবন হোসেন ও আতিকুর রহমান জানান, ‘আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। এরমধ্যে প্রতিদিনই হচ্ছে লোডশেডিং। দিনের বেলা তেমন সমস্যা না হলেও রাতে বিদ্যুৎ না থাকায় পড়ালেখার মারাত্মক ব্যাঘাত ঘটছে’। বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী কাউসার আহমেদ জানান, ‘মোমবাতি জ্বালিয়ে প্রতিদিন আমাদের টার্ম পরিক্ষার প্রস্তুতি নিতে হচ্ছে। কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য অনুরোধ করছি’।

এ বিষয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ শাখার সহকারী প্রকৌশলী আল মামুন আকন্দের সঙ্গে কথা বললে, তিনি জানান পুরো সিলেটেই ক’দিন ধরে বিদ্যুৎ নিয়ে এ সমস্যা দেখা দিয়েছে। মূলত বিদ্যুত উৎপাদন নয় বরং বণ্টনজনিত সমস্যায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী দু-একদিনের মধ্যেই এর সমাধান হবে।

/এফএএন/