সারা বিশ্বের মতো সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০১৬। এইবারের প্রতিপাদ্য বিষয় ছিল “বয়স বৈষম্য নিরসন করুন”।
সকাল ৯:৩০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির শুরু হয়। সাভার এলাকার পাঁচ শতাধিক প্রবীণসহ গণস্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা র্যালিটি নিয়ে স্মৃতিসৌধ থেকে গণস্বাস্থ্য পিএইচএ ভবনে আসেন। পিএইচএ ভবনে প্রবীণদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়।মাঠে ছিল দ্রুত হাঁটা প্রতিযোগিতা, দড়ি টান খেলা, বেলজিয়াম খেলাসহ বিভিন্ন খেলার আয়োজন। প্রবীণরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে এসব খেলাধুলায়অংশগ্রহণ করেন।
দুপুরের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসের বেগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. লায়লা পারভীন বানু, গণস্বাস্থ্য কেন্দ্রের নারী ও মানব সম্পদ উন্নয়নের পরিচালক শ্রীমতী সন্ধ্যা রায় এবং সভাপতিত্ব করেন গোকুল নগরের বিশিষ্ট প্রবীণ ব্যক্তি মো. আব্দুল ওয়াহাব।
সূচনা বক্তব্যে গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক ডা. মনজুরুল কাদির বলেন, "প্রবীণ মানে শুধু বেশি বয়সী ব্যক্তি বা বৃদ্ধ বুঝায় না। প্রবীণরা একটি দেশের সঞ্চিত পরিপক্ব অভিজ্ঞ, বিজ্ঞ ও দিক নিদের্শক।পরবর্তী প্রজন্ম তথা পরবর্তী পৃথিবীর উত্তরণের পথ তারাই দেখাবেন দেখায়।"
অধ্যক্ষ ডা. লায়লা পারভীন বলেন, "দেশের ইতিহাস আপনারা। আপনারা যাকে মুক্তিযোদ্ধা বলবেন, তারাই মুক্তিযোদ্ধা। যাদের রাজাকার বলবেন, তারাই রাজাকার। বিপথগামী নতুন প্রজন্মকে সঠিক পথে আনতে প্রবীণদের পরিবারের মধ্যে রাখতে হবে। বৃদ্ধাশ্রম কারো ঠিকানা হয়ে পারেনা।"
প্রধান অতিথি এমন অনুষ্ঠান আয়োজনে গণস্বাস্থ্য কেন্দ্রের সকল স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানিয়ে বলেন, "প্রবীণদের সমস্যা আমরা সবার আগে গুরুত্ব দিয়ে দেখি। যেকোনো সমস্যায় আপনারা সরাসরি আমার কাছে আসবেন।"
আলোচনা সভা শেষে মধ্যাহ্ন ভোজনের বিরতির পর প্রবীণদের অংশগ্রহণে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
/এফএএন/