চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হয়ে গেল আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। এবারের আয়োজনে মূল প্রতিপাদ্য ছিল রেডিমেড গার্মেন্ট (আরএমজি) অর্থাৎ তৈরি পোশাক শিল্পে নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশের উন্নয়ন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) এর আয়োজনে এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ১৬টি টিম অংশগ্রহণ করে। আয়োজনের মূল স্পন্সর হিসেবে ছিল জেএমএস হোল্ডিংস। ‘জেএমএস হোল্ডিংস-সিইউ ইন্টারভার্সিটি ডিবেট চ্যাম্পিয়নশীপ-২০১৬’ শিরোনামে আয়োজিত দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার বিতর্কগুলো চবি সমাজবিজ্ঞান অনুষদ ভেন্যুতে অনুষ্ঠিত হয়।
৫ নভেম্বর শনিবার নগরীর মিলানজে রেস্টুরেন্টে ফাইনাল বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রধান পৃষ্টপোষক মাহমুদ আলী, ম্যানেজিং ডিরেক্টর জেএমএস হোল্ডিংস। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মনির উদ্দিন। বিতর্ক প্রতিযোগিতায় সিইউডিএস এর মডারেটর হিসেবে প্রফেসর ড. ইমরান হোসাইন ও সহকারী মডারেটর হিসেবে জনাব আবু নোমান দায়িত্ব পালন করেন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় চবি-৫ টিম (আকিব এবং ফয়সাল) এবং রানার্স আপ দল আইবিএ (ঢাবি)। এছাড়া ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হন নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়। নোভাইস চ্যাম্পিয়ন হন চবি-৩ (শফিক এবং মুশফিক) এবং নোভাইস রানার্স আপ হন এইউডাবিøউ এর প্রতিনিধি।
এই প্রতিযোগিতায় মূখ্য আয়োজকের দায়িত্ব পালন করছেন কাজী জাওয়াদ হোসেন এবং সহযোগী আয়োজক হিসেবে ছিলেন মাহমুদুল হাসান আকিব।
/এনএ/