রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ওয়াইফাই সংযোগ ও খাবারের মান বৃদ্ধিসহ ২২ দফা দাবিতে বিক্ষোভ করেছে আবাসিক শিক্ষার্থীরা। আজ ১২ নভেম্বর বেলা ১০টা থেকে ১২টা পর্যন্ত হলে তারা এ কর্মসূচি পালন করেন। পরে হল প্রাধ্যক্ষ এক সপ্তাহের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ফিরে আসে।
শিক্ষার্থীদের অভিযোগ, হলে দীর্ঘদিন ধরে ওয়াইফাই সংযোগ নেই।ডাইনিংয়ে খাবারের নিম্নমান হওয়া সত্ত্বেও হল প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। হলের গ্রন্থাগার আছে,কিন্তু সেটা নিয়মিত খোলা পাওয়া যায় না। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে বারবার হল প্রাধ্যক্ষকে অভিযোগ দিলেও তিনি আমলে নেননি।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছেপ্রশংসাপত্রের অতিরিক্ত ফি কমানো,কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার মার্জিত করা,গ্রন্থাগার ও লন্ড্রির দোকান নিয়মিত খোলা রাখা,খেলাধুলার কক্ষে সরঞ্জাম বৃদ্ধি ও রাত ১২টা পর্যন্ত খোলা রাখা,সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন,হলের সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা ইত্যাদি।
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মোহা. আশরাফ উজ জামান দাবি পূরণের আশ্বাস দিয়ে বলেন, ‘আমি শিক্ষার্থীদের সঙ্গে বসে কথা বলেছি। হলের সেবা বৃদ্ধিতে সবার সঙ্গে বসে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’
/এনএ/