রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে ছিনতাই

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে মুঠোফোন ও টাকা নিয়ে হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।আহত ওই শিক্ষার্থীর নাম তৌহিদুল ইসলাম মিলন। তিনি ফাইন্যান্স বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি রামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

মিলনের সহপাঠীরা জানান, সোমবার রাত সাড়ে ৭টার পর মিলন গ্রন্থাগার থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে বিনোদপুরের দিকে যাচ্ছিলো। বিনোদপুর ও প্রধান ফটকের মাঝামাঝি ফাঁকা জায়গায় এক যুবক তার পেটে ছুরি ধরে। এসময় ওই যুবক মিলনের সঙ্গে থাকা মুঠোফোন ও টাকা বের করতে বলে। ছিনতাইয়ের বিষয়টি বুঝতে পেরে রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলে ছুটে আসে। বিষয়টি টের পেয়ে মিলনের বুকে ছুরি মেরে ওই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. রোকুনুজ্জামান বলেন, আমরা খোঁজ নিয়ে শুনেছি। ঘটনাটি ক্যাম্পাসের বাইরে ঘটেছে। বর্তমানে আহত শিক্ষার্থীর চিকিৎসা চলছে।

/এফএএন/