শিক্ষার্থীদের দেশপ্রেম ও মানবতাবোধে দীক্ষিত হওয়ার আহ্বান ঢাবি উপাচার্যের

6-3-17 (1) (1)সুনাগরিক, প্রজ্ঞাবান, সত্যবাদী, উদার, সৎ এবং আত্মবিশ্বাসী মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ‘সফল জীবনের অধিকারী হওয়ার সব যোগ্যতা তোমাদের (শিক্ষার্থীদের) রয়েছে। তোমাদের দেশপ্রেম ও মানবতাবোধে দীক্ষিত হতে হবে।’ সোমবার টিএসসি মিলনায়তনে ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১ম বর্ষ সম্মান শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এই অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়েউপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘মার্চ মাস স্বাধীনতার মাস। মার্চ মাস আসলে আমরা ফিরে যাই ১৯৭১ সালের মার্চ মাসের অগ্নিঝরা দিনগুলোয়। মার্চ মানেই সামনে এগিয়ে যাওয়া, দেশ ও জাতিকে এগিয়ে নেওয়া এবং সর্বোপরি মানবসভ্যতাকে এগিয়ে নেওয়া।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে উপাচার্য বলেন, ‘বিজ্ঞান-প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে সমাজ উন্নয়নের লক্ষ্যে সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে, সত্য অনুসন্ধান করা এবং মিথ্যা পরিহার করা। শিক্ষার্থীরা সবসময় সত্যবাদী হবে এবং সত্যের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রেখে উদার মনমানসিকতা সম্পন্ন মানুষ হবে।’

এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ‘বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের ছাত্র ছিলেন। আমাদের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেন। তাই শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য জানতে হবে। ’

অনুষ্ঠানে ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক মেহ্জাবীন হক সভাপতিত্ব করেন। এতে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

/এমডিপি/