বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দিবসটি উপলক্ষে গণিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা একাডেমিক ভবন-সি’র সামনের কদমতলা থেকে একটি র্যালি বের করে। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে কেক কাটা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বিভাগীয় সংগঠন শাবি গণিত সমিতি। এ সময় বিভাগীয় প্রধান প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, প্রফেসর ড. আশরাফ উদ্দিন, প্রফেসর ড. মাহবুবুর রশিদ, সহকারী অধ্যাপক আলমগীর কবির ও সহকারী অধ্যাপক হিমাদ্রী শেখর চক্রবর্তীসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
‘পাই’ এর জন্মদিনের কেক কাটা শেষে বিভাগীয় প্রধান প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম উপস্থিত সব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘গণিতে ‘পাই’ এর ব্যবহারিক দিক অনেক বেশী এবং সুন্দর। এটার সুন্দর মানের ন্যায় সব শিক্ষার্থীর জীবন সুন্দর হোক।’
উল্লেখ্য, বাংলাদেশে ২০০৬ সাল থেকে দিবসটি উদযাপন শুরু হলেও শাবির গণিত সমিতি ২০১২ সাল থেকে প্রতি বছর সারা বিশ্বের মতো দিবসটি উদযাপন করে আসছে।
/এমডিপি/