শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাস্তবক অর্পণ করেন উপাচার্য, বঙ্গবন্ধু পরিষদ, হল প্রভোস্টবৃন্দ এবং ক্যাম্পাস শাখা ছাত্রলীগ। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ভাষা শহীদ আব্দুস সালাম হলের পক্ষ থেকে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৮তম জন্মদিন পালন করা হয়। এ সময় অনুষদসমুহের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর, ছাত্র নির্দেশনা পরিচালক, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, দফতর প্রধানবৃন্দ এবং ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপাচার্য ড. এম অহিদুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন মানে বাংলাদেশের জন্মদিন কারণ বাংলাদেশের আরেক নাম শেখ মুজিব। তিনি আরও বলেন, আমাদের শিশুদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে যাতে করে আমাদের প্রত্যেকের ঘরেই বঙ্গবন্ধু জন্ম নেয়। তাছাড়া তিনি আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ খোলার ঘোষনাও দেন।
আয়োজনের অংশ হিসেবে পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা হাজী ইদ্রিস আলী অডিটোরিয়ামে নোয়াখালী জেলার বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হয়।
/এফএএন/