রাজশাহীতে শহীদদের স্মরণে নির্মূল কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

RU photo (2)একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে ‘মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে ৩০ লাখ বৃক্ষরোপণ’ কর্মসূচির রাজশাহী বিভাগীয় পর্যায়ের কর্মসূচি শুরু হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বধ্যভূমিতে এ কর্মসূচির উদ্বোধন করেন নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির।

উদ্বোধনী অনুষ্ঠানে শাহরিয়ার কবির বলেন, ‘স্বাধীনতা জন্য অনেক জাতি যুদ্ধ করেছে, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের বৈশিষ্ট্য হচ্ছে, আমরা একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছি। তরুণ প্রজন্মকে মনে রাখতে হবে, মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছিল কারণ তারা ধর্মনিরপেক্ষ ও মানবতাবাদে বিশ্বাসী ছিলেন। আর এই হত্যাযজ্ঞ চালিয়েছে মৌলবাদী, সাম্প্রদায়িক অপশক্তি, যারা ধর্মের নামে গণহত্যা করেছিল।’

এ সময় রাবির ২৫ শহীদের নামে ২৫টি বৃক্ষরোপণ করা হয়। জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামরুজ্জামানের নামে একটি বৃক্ষ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্ধোধন করা হয়।

মহানগর নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাবির সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক ও অধ্যাপক আবদুস সোবাহান, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আব্দুল মান্নান, রাবি নির্মূল কমিটির সভাপতি মতিউর রহমান মর্তুজা ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনিকা ফারিহা জামান প্রমুখ। এ সময় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অতিথিরা বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করেন।

/এমডিপি/