সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক মানুষের মস্তিস্ক সংক্রান্ত রোগ উপশমের লক্ষ্যে নিউরোসায়েন্স বিষয়ে সমন্বিত গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য চিকিৎসক, শিক্ষাবিদ ও গবেষকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন,‘স্নায়ুতন্ত্র সংক্রান্ত জটিলতা নিরসনে আমাদের বিশ্বমানের গবেষণা দরকার।’
এ সময় তিনি দেশের স্বাস্থ্য খাতের আধুনিকায়নের লক্ষ্যে নিউরোসায়েন্স বিষয়ক মৌলিক ও ক্লিনিক্যাল গবেষণার ওপর গুরুত্বারোপ করেন।
ঢাবি নিউরোসায়েন্স রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড.মো.খলিলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা.মো.ইসমাইল খান,জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.মো.ইমদাদুল হক এবং বিশেষ অতিথি হিসাবে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মো.সায়েদুল ইসলাম বক্তব্য রাখেন।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল এর পরিচালক অধ্যাপক ডা.কাজী দীন মোহাম্মদ। ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক কমিটির সম্পাদক অধ্যাপক ড.মো.জাকির হোসেন হাওলাদার।
উল্লেখ্য,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের চিকিৎসক,গবেষক ও বিশেষজ্ঞগণ এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
/এমডিপি/