কুবি শিক্ষার্থীকে কুপিয়ে আহত করেছে ছিনতাইকারীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কুপিয়ে আহত করেছে ছিনতাইকারীরা। ছিনতাইয়ের শিকার শিক্ষার্থীর নাম রাজিব চক্রবর্তী। তিনি  বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৩০৩ নং কক্ষের আবাসিক শিক্ষার্থী। তার দু পায়ের হাঁটুর উপরে, নিচে ছুরি এবং দা দিয়ে কুপিয়েছে ছিনতাইকারীরা। দুই পায়ে পাঁচটি সেলাই করা হয়েছে।

জানা যায়, রাজিব চক্রবর্তী  টিউশন শেষে ক্যাম্পাসের আসার জন্য কুমিল্লা শহরের টমছম ব্রীজ নামক স্থানের সিএনজি স্টেশনে যান। তখন অপরিচিত দুই জন ছেলের সঙ্গে  কথা বলার একপর্যায়ে ১০ থেকে ১২ জনের ছিনতাইকারীদের একটি দল তাকে ঘিরে ফেলে। এবং তার সাথে যা কিছু আছে দিয়ে দিতে বলে। তিনি বাধা দিলে হামলা করে।  

তার কাছ থেকে দুটি মোবাইল, মানিব্যাগ, বই, শিট নিয়ে পরে তারা পালিয়ে যায়। পরে তিনি নিজেই আশেপাশে থাকা কয়েকটি খালি সিএনজিকে মেডিক্যালে নিয়ে যাওযার জন্য অনুরোধ করলে কোন সিএনজির ড্রাইভারই তাকে মেডিকেলে নিয়ে যাননি। পরে রিক্সা করে তিনি কুমিল্লা আদর্শ  মেডিকেলে যান। প্রাথমিক চিকিৎসায় দুই পায়ের হাঁটুতে পাঁচটি সেলাই শেষে তাকে রাতেই হলে নিয়ে আসা হয়।

বঙ্গবন্ধু হলের প্রভোস্ট দুলাল চন্দ্র নন্দী বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। বিশ্ববিদ্যালয়ের এ্যাম্বুলেন্স দিয়ে তাকে হলে নিয়ে এসেছি। চিকিৎসা ব্যায়ের বিষয়টিও বিবেচনা করবো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন ‘ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কুপিয়ে আহত করেছে বিষয়টি  আমি শুনেছি। তবে এখনো পর্যন্ত ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর অথবা পুলিশ প্রশাসন বরাবর কোনও ধরনের লিখিত অভিযোগ করেননি। সে অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব।’

/এফএএন/