শাবিতে ৪ জুন থেকে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)পবিত্র ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) এক মাসের একাডেমিক ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ৪ জুন (রবিবার) থেকে এ ছুটি শুরু হবে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,‘আগামী ৪ জুন (রবিবার)থেকে একাডেমিক এবং ১১ জুন (রবিবার) থেকে শাবির অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৫ জুলাই বুধবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা এবং অফিসিয়াল কার্যক্রম চলবে।’

এছাড়া শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ২জুন থেকে একাডেমিক এবং ৯ জুন থেকে অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে, শাবির শিক্ষার্থীরা ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি কাটাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং মেস থেকে বাড়ির উদ্দেশে রওনা দেওয়ায় ক্যাম্পাস অনেকটা ফাঁকা হয়ে গেছে।

/এমডিপি/