জাককানইবিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্পের উদ্বোধন

1 (1)জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষণা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আওতায় চীনের গবেষণা প্রতিষ্ঠান চায়না একাডেমি অব সায়েন্স এর সঙ্গে পাঁচ বছর মেয়াদী এই প্রকল্পের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘বাংলাদেশের মাটি অনেক উর্বর কিন্তু দেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। এর প্রভাবে আমাদের অনেক প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়। ফলে জলবায়ু পরিবর্তনের বিষয়ে দুই দেশের গবেষণা ভবিষ্যতে অনেক ইতিবাচক ফল বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।’

2অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. হুমায়ন কবীর উপস্থিত ছিলেন।

প্রকল্পটির মাধ্যমে বাংলাদেশের নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন ত্রিমাত্রিক তথ্য উপাত্ত নিয়ে গবেষণামূলক কাজ করা হবে। যা দুই দেশের মধ্যে তথ্য বিনিময়, জলবাযু পরির্বতন ও বৈশ্বয়িক তাপমাত্রা বৃদ্ধি বিষয়ে গবেষণার পাশাপাশি এমএসসি এবং পিএইচডি ডিগ্রির জন্য বিভাগীয় শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ প্রদান করবে।

অনুষ্ঠানে চায়না একাডেমি অব সায়েন্স এর পক্ষে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হিসেবে ড. জুয়াংগু লিও এবং জাককানইবির এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হিসেবে ড.আশরাফ আলী সিদ্দিকী প্রকল্প স্লাইড উপস্থাপন করেন। এছাড়াও গবেষণা ও সম্প্রসারণ পরিচালক এবং ওই বিভাগের প্রভাষক মো.রকিবুল হাসান ও মো. নকিবুল হাসান খান, চায়না একাডমি অব সায়েন্স-এর ৫ জন গবেষক এবং শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এমডিপি/