জবিতে ১০৪ কোটি টাকার বাজেট অনুমোদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ অর্থবছরের রাজস্ব বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এবার ১০৪ কোটি ৫৬ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অর্থ-কমিটির ৫১তম সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে অর্থ-কমিটির সভায় প্রথমবারের মতো জবির বাজেট ১০০ কোটি টাকা অতিক্রম করায় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে ধন্যবাদ জানানো হয়। এছাড়া অর্থ-কমিটির একই সভায় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত বাজেট ৯৬ কোটি ৯৫ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন অর্থবছরের বাজেটে গবেষণা খাতে ১ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া সেমিনার ও কনফারেন্স খাতে গত বছরের তুলনায় ৩০০ শতাংশ বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। ছাত্র-ছাত্রীদের মেধাবৃত্তি খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে ২০০ শতাংশ। বইপত্র ও সাময়িকী খাতে বরাদ্দ বেড়েছে ১৯ শতাংশ। রাসায়নিক দ্রব্য ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয় খাতে বরাদ্দ বেড়েছে ৮২ শতাংশ এবং একাডেমিক শিক্ষা উপকরণ খাতে ২৭৫ শতাংশ বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এ বছর বাজেটে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের আরও পাঁচটি ৫২ সিটের নতুন বাস কেনার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

উল্লেখ্য, গত অর্থবছরে জবির রাজস্ব বাজেট ছিল ৮৭ কোটি ৮৪ লাখ টাকা।

/এমডিপি/