রাবিতে সাংবাদিক মারধর: মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ

রাবিতে সাংবাদিক আরাফাতকে মারধরের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান। ছবি-রাবি প্রতিনিধি (3)রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরাফাত রহমানকে মারধরের প্রতিবাদ এবং আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে সাংবাদিকরা। বুধবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ ভাস্কর্যে মুখে কালো কাপড় বেঁধে রাবিতে কর্মরত সাংবাদিকরা এ দাবি জানায়।

এ সময় রাবি রিপোটার্স ইউনিটির সভাপতি কায়কোবাদ খান, সাধারণ সম্পাদক হুসাইন মিঠু, রাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজ রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, কোষাধ্যক্ষ রাশেদ রিন্টু, রাবি প্রেস ক্লাবের সভাপতি তাসলিমুল আলম তৌহিদ ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে আগামীকাল (১৩ জুলাই) দুপুর ১২টায় মানববন্ধনের আয়োজন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। 

প্রসঙ্গত, সোমবার (১০ জুলাই) বাস ভাঙচুরের ছবি তোলায় সাংবাদিক আরাফাত রহমানকে মারধর করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় আরাফাত রহমান বাদী হয়ে মতিহার থানার রাবি ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান কানন, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহ-সভাপতি আহমেদ সজীব ও সাংগঠনিক সম্পাদক আবিদ আহসান লাবনসহ অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করে। পরে মঙ্গলবার জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বরাবর অভিযোগ দেয় আরাফাত। অন্যদিকে, বাস ভাঙচুর করায় এক লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ওই ছাত্রলীগ নেতাদের নামে আরেকটি মামলা করে ক্ষতিগ্রস্ত দেশ ট্রাভেলসের বাসের সুপারভাইজার মানিক হোসেন।

/এমডিপি/