রাবিতে খাবার মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

RU pic-2রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ডাইনিং-এ খাবারের মূল্য বৃদ্ধি এবং বাসের ট্রিপ কমানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা।

শনিবার ১২টার দিকে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে জোটের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বিপ্লবী ছাত্রমৈত্রীর রাবি শাখার সভাপতি প্রদীপ মার্ডি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাইনিংয়ে খাবারের দাম বাড়িয়েছে। তারা বলছেন, খাবারের দাম বাড়ানোর সঙ্গে খাবারের মান বাড়ানো হবে। কিন্তু আমরা অতীতের মতো এখনও দেখছি, খাবারের দাম বাড়ানো হয় কিন্তু সে অনুযায়ী মান বাড়ানো হয় না।

বাসের ট্রিপ কমানোয় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দিন দিন শিক্ষার্থী বাড়ছে, তাই বাসের ট্রিপও বাড়ানো দরকার। কিন্তু প্রশাসন সেটা না করে, বাসের ট্রিপ কমিয়েছে।

সমাবেশে বিপ্লবী ছাত্রমৈত্রী রাবি শাখার সাধারণ সম্পাদক দীলিপ রায়, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আসিফ, ছাত্রফ্রন্টের সভাপতি লিটন দাশ, ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সুমন মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ঈদের ছুটির পর থেকে হল ডাইনিং-এ দুপুরে ২০ থেকে ৪টাকা বাড়িয়ে ২৪ এবং রাতে ১৬ থেকে ১৮টাকা করা হয়। এছাড়া ক্যাম্পাস থেকে ছেড়ে যাওয়া বাসের ট্রিপ ৮টি থেকে কমিয়ে ৬টিতে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

/এফএএন/