চিকুনগুনিয়া প্রতিরোধে শেকৃবিতে বিশেষ কর্মসূচি

মশক নিধনরাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মশক নিধন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২১ জুলাই) উপাচার্যের সম্মেলন কক্ষে মশক নিধন কমিটির কার্যপ্রণালী বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদকে সভাপতি করে ছয় সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়েছে। কমিটির কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।  

সভায় বক্তারা বলেন, ক্যাম্পাসের জলাশয়, নর্দমা ও ড্রেনে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। প্রয়োজনে নর্দমা, জলাশয় ভরাট করতে হবে যাতে মশার বংশবিস্তার রোধ করা যায়। এছাড়া সিটি করর্পোরেশনকে সঙ্গে নিয়ে যৌথভাবে কাজ করতে হবে।

সভায় জানানো হয়, সারাদেশে চিকুনগুনিয়া আক্রমণ বেড়ে গেছে আর শেকৃবিতে এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বিগত কয়েক দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ বেশ কয়েকজন চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়েছে।

মতবিনিময় সভায় মশক নিধনের উপায় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।এদের মধ্যে উল্লেখযোগ্য হলো, মশা নিধনের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ ক্রয়, নিজেদের কর্মীদের সচল করা ও কর্ম সংশ্লিষ্ট করা, লিফলেট বিতরণ করে সবাইকে উদ্বুদ্ধকরণ ও সচেতন করা,নিধন কার্যক্রম সারাবছর অব্যাহত রাখা, অ্যাকশন কমিটি গঠন করা ও মনিটরিং কমিটি গঠন করা।

এ সময় অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, সয়েল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. মো. ইছাক, পোস্ট গ্রাজুয়েট ডিন অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. ফরহাদ হোসেন, অধ্যাপক হাসানুজ্জামান আকন্দ, ডা. শহীদুল ইসলাম, ফার্ম সুপার মো. আতিকুর রহমান ও এস্টেট অফিসার ইলিয়াসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমডিপি/