রাবিতে উন্মুক্ত বিতর্ক প্রতিযোগিতা শুরু ৩ আগস্ট

ru photo (1)রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উন্মুক্ত বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ৩ আগস্ট থেকে প্রতিযোগিতা শুরু হয়ে চলবে ৫ আগস্ট পর্যন্ত। রাবি বিজনেস স্টাডিজ ফেকাল্টি ডিবেটিং ফোরামের (বিএফডিএফ) আয়োজনে প্রথমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিএফডিএফের প্রধান নির্বাহী সদস্য ফাহমিদা আফরোজ জানান, আগামী ৩ আগস্ট থেকে শুরু হওয়া এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান। এ প্রতিযোগিতায় রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা অংশ নেবে। ৫ আগস্ট দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

সমাপনী দিনে ‘আমরাই বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক বিরু পক্ষ পাল, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি ও টেলিভিশন ব্যক্তিত্ব আব্দুর-নূর তুষার, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহ আজম ও বিএফডিএফের সিনিয়র আহ্বায়ক তানভীর আহমেদ অভি প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমডিপি/