রাবি’তে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বহাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়

দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বন্ধ করে দেওয়া হলেও, এবারের মতো এ সুযোগ বহাল রাখছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। আগামী ২২ থেকে ২৬ অক্টোবর রাবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের প্রশাসক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা আরও বলেন, ‘২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদেরকে দ্বিতীয়বারের মতো অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। এর ফলে ২০১৬ ও ২০১৭ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবার রাবি’র ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।’ তবে এ সুযোগ পরের বছর বহাল থাকবে কিনা সে ব্যাপারে নিশ্চিত করে তিনি কিছু বলতে পারেননি।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালটির অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার অংশ নেওয়ার সুযোগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এএইচ/টিএন/