হাবিপ্রবিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স বিষয়ক সেমিনার

HSTU-3দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওয়াল্ড ওয়াইড স্টুডেন্ট কাউন্সিলিং সেন্টারের উদ্যোগে ‘আইইএলটিএস অ্যান্ড প্রোফেশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের ওপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।


সেমিনারে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, ‘বিদেশি ভাষা হিসেবে ইংরেজির গুরুত্ব অপরিসীম। বিদেশে উচ্চ শিক্ষা, চাকরি ও ভ্রমণসহ সবক্ষেত্রে ইংলিশ ভাষায় দক্ষতার প্রয়োজনীয়তা রয়েছে। এ জন্য বিদেশে যেতে আগ্রহীদের আইইএলটিএস কোর্স সম্পন্ন করতে হবে। আমি মনে করি, আজকের এ সেমিনার ফলপ্রসু হবে এবং এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের উপকারে আসবে।’ 

বিশ্ববিদ্যালয়ের আইআরটি এর পরিচালক প্রফেসর ড.বিধান চন্দ্র হালদারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ফিসারিজ অনুষদের ডিন ড.মোহাম্মদ ফেরদৌস মেহবুব ও কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়াল্ড ওয়াইড স্টুডেন্ট কাউন্সিলিং সেন্টারের প্রধান রজত শুভ্র সাহা।

সেমিনারে আইইএলটিএস অ্যান্ড প্রোফেশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স বিষয়ে ব্রিটিশ কাউন্সিলের ট্রেইনার মো. আল মুস্তাকিম এবং সাইফুরস এর শিক্ষক মো. শফিউল হক চৌধুরী বক্তব্য প্রদান করেন।