শাবিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

DSC_0311শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সভায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব নিয়ে বিতর্কের কিছু নেই। বঙ্গবন্ধুর একক নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে একশো বছর পিছিয়ে দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর বিশ্বাসপ্রবণতা ও ভালবাসার সুযোগ নিয়ে কিছু বিপথগামী সেনা কর্মকর্তা খন্দকার মুশতাকের সঙ্গে হাত মিলিয়ে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।’

উপাচার্য বলেন, ‘১৫ আগস্টের মতো ভয়াল কালো রাত যাতে বাঙ্গালীর জীবনে আর না আসে সে জন্য আমাদের সব সময় সতর্ক থাকতে হবে।’

সভায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম  ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মুহিবুল আলম বক্তব্য রাখেন।  

এছাড়া সভায় ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড.মো. রাশেদ তালুকদার, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড.মো.কবির হোসেন, প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মদ ইউনুছ, এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. এ জেড এম মঞ্জুর রশীদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুল গণি ও প্রফেসর ড. আব্দুল আউয়াল বিশ্বাস প্রমুখ আরও বক্তব্য রাখেন।