বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে শিক্ষার্থী শিক্ষক ও কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত তিনটি স্বেচ্ছাসেবক ও গবেষক দল উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ ও জরিপ কার্য পরিচালনা করে এবং বন্যাদুর্গতদের সঙ্গে ঈদ উদযাপন করে। এ সময় তারা ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সামগ্রি বিতরণ করে।
ত্রাণ বিতরণকারী দলের সদস্য শিক্ষার্থী জাইম বিন তাজদিদ বলেন, ‘সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ করে নিজের ঘরে না ফিরে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোটাই আমাদের কাছে বড় বলে মনে হয়েছে। তাই আমরা ছুটে এসেছি দিনাজপুরের এই বন্যাদুর্গত এলাকায়।’
অপর এক শিক্ষার্থী ইশরাত জাহান রিতু বলেন, ‘স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে উত্তরবঙ্গের মানুষ। এ সময় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের নৈতিক দায়িত্ব। তাছাড়া স্বেচ্ছাসেবামূলক কাজ তো সহশিক্ষা কার্যক্রমের অংশ। তাই আমরা বন্ধুরা মিলে ত্রাণ সংগ্রহ করে এই দুর্গত এলাকায় এসেছি।’