৯০ শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি

ব্যাবিলন গ্রুপব্যাবিলন শিক্ষাবৃত্তি প্রকল্পের আওতায় ৯০ জন শিক্ষার্থী পেয়েছেন শিক্ষাবৃত্তি। শনিবার রাজধানীর মিরপুরের দারুস সালাম রোডের ব্যাবিলন গ্রুপের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ স ম আরেফিন সিদ্দিকী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে উপাচার্য অধ্যাপক ড. আ আ স ম আরেফিন সিদ্দিকী মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি দেওয়ায় ব্যাবিলন গ্রুপকে স্বাগত জানান। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, ‘পৃথিবীর বড় বড় দেশগুলো মেধাকে বড় সম্পদ হিসেবে বিবেচনা করে। বাংলাদেশে নবীন শিক্ষার্থীরা হচ্ছে বড় সম্পদ।’ তিনি আরও বলেন, ‘দেশ গড়ার ক্ষেত্রে তোমাদের এগিয়ে আসতে হবে। তোমাদের এ ব্যাপারে সৎ ইচ্ছাই যথেষ্ঠ।’

সাবেক এই উপাচার্য আরও বলেন, ‘তোমরা যেখানে থাকো তোমাদের পরিবারের কথা মনে রাখবে। যারা তোমাদের গড়ে তোলার ক্ষেত্রে অবদান রেখেছে তাদের কথা মনে রাখবে। আর অবশ্যই শিক্ষকদের কথা মনে রাখবে।’

এ সময় এই বৃত্তি মেধাবী শিক্ষার্থীদের ভবির্ষতে এগিয়ে যেতে সাহায্য করবে বলেও উল্লেখ করেন তিনি।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাবিলনের কর্মকর্তা-কর্মচারী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে এই বৃত্তি দেওয়া হচ্ছে। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা প্রতিমাসে তিন হাজার টাকা করে পাবেন।