শনিবার (১৪ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দফতর ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স ডিন অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় জবির বিভিন্ন বিভাগের শিক্ষকদের পরীক্ষা কেন্দ্রে ইনভিজিলেটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় অনেক শিক্ষক পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হননি। তাদের অনুপস্থিতির কারণে ডিনরা ইনভিজিলেটর হিসেবে দায়িত্ব পালন করে। একারণে বিশ্ববিদ্যালয়ের ইনভিজিলেটরের দায়িত্বপ্রাপ্ত অনুপস্থিত সব শিক্ষকদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার জন্য তাৎক্ষণিক উপাচার্যের কাছে অভিযোগ তুলেছেন ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সের ডিন অধ্যাপক ড. জাকারিয়া মিয়া।
এ ব্যাপারে অধ্যাপক ড. জাকারিয়া মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভর্তি পরীক্ষার সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের মান সম্মান জড়িত। অথচ অনেক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা পরীক্ষার দিন অনুপস্থিত ছিলেন।তারা ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে অবহেলা করেছেন। অনেক হল রুমে ইনভিজিলেটররা অনুপস্থিত থাকায় আমাকেও পরীক্ষা কেন্দ্রে থাকতে হয়েছে। এ ব্যাপারে উপাচার্যকে জানালে তিনি শাস্তি স্বরূপ অনুপস্থিতি ইনভিজিলেটরদের সম্মানি ভাতার সঙ্গে মূল বেতনের একদিনের টাকা কাটার সিদ্ধান্ত দেন।