ইবি ক্যাম্পাসের ‘আলোড়িত’৩০’

ইবি-১কখনও মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে, কখনও অসুস্থ শিক্ষার্থীর সাহায্যে আবার কখনও দরিদ্র ও পথ শিশুদের মাঝে শিক্ষা এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণসহ নানা কল্যাণমূলক কাজে মানুষের পাশে আছে তারা। শুধু সমাজ বা মানবসেবাতেই নয়, ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বরে রাস্তায় রাস্তায় আল্পনা, পহেলা বৈশাখ ও ক্যাম্পাসের প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‌্যালিসহ উৎসবের জমকালো আয়োজনেও রয়েছে তারা। পাঠক এতোক্ষণ বলছিলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১ হাজার ৬০০ শিক্ষার্থীর প্রাণের সংগঠন আলোড়িত’৩০ সম্পর্কে।

১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম শুরু ইসলামী বিশ্ববিদ্যালয়। শিক্ষাবর্ষ হিসেবে ৩০তম ব্যাচের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের চেষ্টায় গড়ে তোলা হয় অরাজনৈতিক এই সংগঠন আলোড়িত’৩০। 

বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও সংগঠনের সদস্য মাহফুজ রায়হান বলেন, ‘চলতি বছরের ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে ‘এন্ট্রান্স ডে’ পালনের মাধ্যমেই আমাদের যাত্রা শুরু। বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের ২৫জন প্রতিনিধির মাধ্যমেই মূলত সংগঠনটি পরিচালিত হয়। তাদের মাধ্যমেই সবার মতামত দেওয়া বা সিদ্ধান্ত নেওয়া হয়।’

ইবি-২সংগঠনের সদস্যদের থেকে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে থেমে নেই এই সংগঠনের সদস্যদের কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি, জাতীয় দিবসগুলোতে তাদের সরব উপস্থিতি রয়েছে ক্যাম্পাসে। গত একুশে ফেব্রুয়ারিতে ক্যাম্পাসের প্রায় ২ কিলোমিটার ব্যাপী রাস্তায় আল্পনা আঁকে তারা। এছাড়া নাচ ও গানসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে পুরো ক্যাম্পাসেই এক ধরনের আলোড়ন সৃষ্টি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেশন কেন্দ্রিক অরাজনৈতিক এ সংগঠনটি।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও সংগঠনের সদস্য আফরোজা রোজা বলেন,‘বিশ্ববিদ্যালয়ের সেশন ভিত্তিক সংগঠন হিসেবে আমরাই প্রথম। বন্ধুরা সবার একসঙ্গে থাকার পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রাখার প্রয়াস থেকেই আমাদের কমিউনিটির প্লার্টফর্ম হিসেবে আলোড়িত’৩০ এর সৃষ্টি।’

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলামীনের পাশে দাঁড়িয়ে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছে আলোড়িত’৩০ এর সদস্যরা। দুটি কিডনিই বিকল হয়ে যাওয়া দরিদ্র আলামীনের বেঁচে থাকার প্রদীপ যখন নিভু নিভু তখন দেশের বিভিন্ন স্থানে ক্যাম্পেইনের মাধ্যমে তার চিকিৎসা ব্যয় যোগান দিয়েছে সংগঠনের সদস্যরা।

ইবি-৩শুধু বিশ্ববিদ্যালয়ের ভেতরেই আবদ্ধ নেই আলোড়িত’৩০ এর কার্যক্রম। তাদের আলো পৌঁছে গেছে প্রান্তিক জনপদেও। গাইবান্ধা শহর থেকে ৫০ কিলোমিটার পূর্ব দিকের একটা জনপদ। সেখানেও দুঃস্থ মানুষের মধ্যে ঈদ সামগ্রী ও ইফতার পৌঁছে ‘ভাল কাজের কোন পরিধি নেই’ এই দৃষ্টান্ত স্থাপন করেছে বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের সংগঠনটি।

আলোড়িত’৩০ এর এই এগিয়ে চলার পথে উদ্দীপনা জাগিয়েছে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীর মাঝে। আলোড়িত’৩০ এর প্রত্যেকটি সদস্যই যেনো এক একটি আলোকিত প্রদীপ।