হাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের উদ্যোগে ও হেকেপ প্রকল্পের অর্থায়নে রিসার্চ মেথোডোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু.আবুল কাসেম উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন,‘বিশ্ববিদ্যালয় পর্যায়ের একজন ভাল শিক্ষকের কাজ শুধু শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাকে হতে হবে একজন দক্ষ গবেষকও। আপনারা ১০ দিনব্যাপী রিসার্চ মেথোডোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণ করে যে প্রায়োগিক জ্ঞান লাভ করেছেন, আশা করি তা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিবেন।’
পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ও সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো. সাইফুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম । অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার।
প্রসঙ্গত, ১৭ অক্টোবর থেকে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়ে ২৬ অক্টোবর সমাপ্ত হয়। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।