শুক্রবার (২৭ অক্টোবর) সকালে রাজশাহী নগরীর শাহমখদুম কলেজে কবিকুঞ্জের আয়োজনে ষষ্ঠ জীবনানন্দ কবিতা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রখ্যাত কথাশিল্পী হাসান আজিজুল হক উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন, ‘ভেতর থেকে কিছু উচ্চারিত শব্দ দিয়ে তৈরি হয় কবির কবিতা। আর এই কবিতা হয় মানুষকে ভালোবাসার।’ তিনি আরও বলেন, ‘মানুষকে ভালোবাসার বিকল্প নেই। সকল মানুষের জন্য তৈরি হয় কবিতা। কোন কবিতা কবিদের জন্য নয় তৈরি হয় মানুষের জন্য।’
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার এবং মেলায় সভাপতিত্ব করেন কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামানিক। এই মেলায় দেশের ও পশ্চিমবঙ্গের দুই শতাধিক কবি উপস্থিত হয়েছেন।
মেলায় এক বছরের মধ্যে মারা যাওয়া দেশের ও দেশের বাইরে বাংলাভাষার সঙ্গে যুক্ত প্রথিতযশা ও বিদগ্ধ মনীষীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এদিকে, শুক্রবার বিকেলে জীবনানন্দ স্মারকবক্তৃতা (কথাসাহিত্য), কবিকণ্ঠে কবিতাপাঠ ও আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।
মেলার দ্বিতীয় দিনে শনিবার কবিতামেলায় এবার কবিতায় অনন্য অবদানের জন্য এবার কবিকুঞ্জ পদক-২০১৭ পাচ্ছেন কবি জুলফিকার মতিন ও ছোটকাগজ সম্মাননা পাচ্ছে অলোক বিশ্বাস সম্পাদিত ‘কবিতা ক্যাম্পাস’।