শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) প্রথমবারের মতো সপ্তাহব্যাপী ‘দিক আন্ত:বিশ্ববিদ্যালয় নাট্যোৎসব-২০১৭’ শুরু হচ্ছে আগামীকাল ২ নভেম্বর বৃহস্পতিবার। বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন দিক থিয়েটার আয়োজিত এ উৎসব চলবে আগামী ৮ নভেম্বর বুধবার পর্যন্ত।
এ উৎসবে সার্বিক সহযোগিতায় থাকছে বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বুধবার সংগঠনের সাধারণ সম্পাদক জুয়েল রানা এসব তথ্য নিশ্চিত করেন। এছাড়া দিক-নির্দেশনায় রয়েছে সিলেটের সম্মিলিত নাট্য পরিষদ।
সংগঠনের আয়োজক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে র্যালি ও কেক কেটে সপ্তাহব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এসময় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিশকাত আহমেদ চৌধুরী মিশু।
সংগঠনের সভাপতি এহসান শুভ জানান, সপ্তাহব্যাপী এ উৎসবের অনুষ্ঠানসূচির মধ্যে থাকছে- ১ম দিন সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবশেনায় রবীন্দ্রনাথ ঠাকুর রচয়িত নাটক ‘তাসের দেশ।’ ২য় দিন বুয়েট ড্রামা সোসাইটির পরিবশেনায় অরিয়ানা ফাল্লাচি রচয়িত নাটক ‘লেটার টু এ চাইল্ড নেভার বর্ন,’ ৩য় দিন সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ‘ঢপ যাত্রা’ দলের পরিবেশনায় নাচমহল। ৪র্থ দিন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের পরিবেশনায় মনোজ মিত্র রচয়িত নাটক ‘আমিই তুমি’, ৫ম দিন জাহাঙ্গীরনগর থিয়েটারের পরিবেশনায় সেলিম আল দীন রচয়িত নাটক ‘হাত হদাই', ৬ষ্ঠ দিন শাবির দিক থিয়েটারের পরিবেশনায় মামুনুর রশিদ রচয়িত নাটক পরিবেশিত হবে এবং শেষদিন বুধবার ড্যাফোডিল ইউনিভার্সিটির পরিবশেনায় থাকছে সাম্য সবুর রচনা ও নির্দেশনায় নাটক ‘মানুষ ব্যপ্ত মানুষ।’। নগরনাট সিলেট ও শাবির দিক থিয়েটারের দলগত পরিবেশেনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যাও থাকছে শেষদিনের আয়োজনে।