নোবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নোবিপ্রবিনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পার্শ্ববর্তী স্থানে দোকানপাট, বাড়িঘর, স্থাপনা, যানবাহনে হামালা এবং ভাঙচুরের ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বুধবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় কাউন্সিলরের অংশগ্রহণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন রাজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নোবিপ্রবি উপ-উপাচার্য প্রফেসর ড. মো আবুল হোসেনকে আহ্বায়ক ও সহাকারী প্রক্টর মাসুম মিয়াকে সদস্য সচিব করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

প্রসঙ্গত, ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বহিরাগতদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. অহিদুজ্জামান সভাপতিত্ব করেন। এতে নোবিপ্রবি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, আইআইএস  ইনস্টিটিউটের পরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ ইউছুফ মিঞা, প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান, ছাত্র নির্দেশনা পরিচালক আফসানা মৌসুমী, কৃষি বিভাগের শিক্ষক ড. আতিকুর রহমান ভূঞা ও অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।