প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের (আইসিটি) সচিব সুবীর কিশোর চৌধুরী, সাবেক ই্উএপির উপাচার্য অধ্যাপক এমিরিটাস আব্দুল মতিন পাটোয়ারী এবং ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের কাইয়ুম রেজা চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়য়ের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘এসিএম-আইসিপিসি আয়োজিত এই প্রতিযোগিতা বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ দলভিত্তিক প্রোগ্রামিং প্রতিযোগিতা। এসব বৈশ্বিক প্রতিযোগিতার মাধ্যমেই দক্ষ প্রোগ্রামার খুঁজে বের করা সম্ভব, যারা আগামীর ডিজিটাল বাংলাদেশ গড়ার গতিকে আরও ত্বরান্বিত করবে।’
প্রতিযোগিতার কো-অরডিনেটর অধ্যাপক ড. বিলকিস জামাল ফেরদৌসী বাংলা ট্রিবিউনকে জানান, এ বছর প্রতিযোগিতায় ইউএপি থেকে মোট চারটি দল অংশগ্রহণ করবে।
দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এবং বিশেষ অতিথি হিসেবে বিসিসির পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল কবির ও ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাইয়ুম রেজা চৌধুরী।
প্রসঙ্গত, আগামী ১৫-২০ এপ্রিল এসিএম-আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনাল-২০১৮ চীনের বেইজিং এর পিকিং বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।