বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুশফিকুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘এ ব্যাপারে আমরা শিক্ষার্থীদের কাছ থেকে এক মাস সময় চেয়েছি। কিন্তু তারা আমাদের সেই সময় দেয়নি।’
এদিকে সোমবার দুপুর ১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুশফিকুর রহমান ও শিক্ষক সমিতির সভাপতি ড. ইউসুফ মিয়া তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে দাবিসমূহ বাস্তবায়নে প্রশাসনিকভাবে আলোচনার মাধ্যমে আগামী এক মাসের মধ্যে সমাধানের আশ্বাস দেন। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা এমন মৌখিক প্রতিশ্রুতি প্রত্যাখান করে এবিষয়ে একটি লিখিত প্রস্তাবনা দেওয়ার দাবি জানান।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো, ভর্তি ফি ২৫ হাজার টাকা থেকে কমিয়ে ৫ হাজার টাকা করতে হবে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে যাওয়া শিক্ষার্থীদের অতিরিক্ত ফি ফেরত দিতে হবে, বিভাগীয় ট্রান্সক্রিপ্ট তোলার ফি ২০ টাকা এবং মূল সনদপত্র ৫০ টাকা করতে হবে, ব্যাকলগের বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে এবং তা ৩০০ টাকা করতে হবে এবং ইম্প্রুভমেন্টের সর্বনিম্ন জিপিএ ৩.০০ করতে হবে,ওয়ান স্টপ অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করতে হবে, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করতে হবে এবং শিক্ষার্থী কেন্দ্রিক যেকোনও সিদ্ধান্ত গ্রহণে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে হবে, আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং হলের খাদ্যে ভর্তুকি দিতে হবে এবং পুরো ক্যাম্পাসে নিরবিচ্ছিন্ন ওয়াই-ফাই চালু করতে হবে।
ক্যাম্পাসে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।