ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে ইবি ছাত্রমৈত্রীর মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে ইবি শাখা ছাত্রমৈত্রী। রবিবার (১০ ডিসেম্বর) দুপুর পৌনে দুইটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা।

IU PIC 10-12-17 (6)
বিশ্ববিদ্যালয় ও দলীয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি ফি বৃদ্ধি করেছে প্রশাসন। এ বছর মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোর ভর্তি ফি ১১ হাজার ৮১৫ টাকা, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত বিভাগগুলোর ভর্তি ফি ১৩ হাজার ৩১৫ টাকা, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত বিভাগগুলোর ভর্তি ফি ১২ হাজার ৪১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের তুলানায় প্রায় তিনগুণ বেশি। ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে শাখা ছাত্রমৈত্রী।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘শিক্ষা কোনও পণ্য নয়। এটি মৌলিক অধিকার। সুতরাং শিক্ষার ব্যয় সর্বস্তরের মানুষের নাগালে রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সিদ্ধান্ত যৌক্তিক হওয়ার দাবি রাখে। আশা করি প্রশাসন ফি বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেবে।’
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর আহ্বায়ক মোরশেদ হাবিবের নের্তৃত্বে যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ, শামিমুল ইসলাম, আরিফ, সাগর, নজরুল, আশিক, রাজ্জাকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করেই ফি সহনীয় বৃদ্ধি করা হয়েছে। আমাদের ভর্তি ফি অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক কম।’