হাবিপ্রবিতে অপেক্ষমান তালিকার ফল প্রকাশে ত্রুটি

হাবিপ্রবিহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রথম অপেক্ষামান তালিকা প্রকাশে অসঙ্গতি থাকায় ভর্তি কার্যক্রম পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। পাঁচ ঘণ্টা পরে আবার ভর্তি কার্যক্রম শুরু হয়।

শিক্ষার্থীদের অভিযোগ থেকে জানা যায় অপেক্ষামান তালিকার এ ও এফ ইউনিটে ভুল ছিলো। রবিবারে রিপোর্টিং অপেক্ষমান শিক্ষার্থীদের তালিকায় অসঙ্গতি দেখা দেয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ প্রকাশিত ফলে যাদের ক্রমিক আগে ছিল তারা ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয় এবং যাদের ক্রমিক পরে ছিল তারা ভর্তির সুযোগ পায়।

আজ  সকালে ভর্তি শুরু হওয়ার কথা থাকলেও উদ্ভূত সমস্যার কারণে  ভর্তি (সকল ইউনিট) স্থগিত করা হয়।

এদিকে প্রকাশিত ফলে ত্রুটি থাকায় শাখা ছাত্রলীগের একটি অংশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ক্যাম্পাসে মিছিল করে। তদন্ত কমিটি গঠন করে ঘটনার সুষ্ঠু সমাধান দাবি করে তারা।

এদিকে বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংবাদ সম্মেলনে বলা হয়, অপেক্ষমান রিপোর্টিংয়ের তালিকা তৈরির দায়িত্বে থাকা কর্মকর্তাদের অসতর্কতার জন্য ফলাফলে ত্রুটি দেখা দেয়।