ইবিতে ভর্তি ফি কমানোর দাবিতে অবস্থান ধর্মঘট

ইবিইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষ অনার্স ১ম বর্ষের বর্ধিত ভর্তি ফি কমানোর দাবিতে অবস্থান ধর্মঘট করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তারা এ ধর্মঘট পালন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১২টায় অবস্থান কর্মসূচি শুরুর পর উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা ঘটনাস্থলে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তারা শিক্ষার্থীদের জানান, ইবিতে ভর্তি ফি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় বিশেষ করে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চেয়ে কম। দীর্ঘদিন পরে ফি বাড়ানোতে একটি বড় অঙ্ক দেখালেও তা সহনশীল পর্যায়ে আছে। এই টাকা শিক্ষার্থীর উন্নয়নের কাজেই ব্যবহার হবে। যা কিছু করা হচ্ছে সব কিছুই শিক্ষার্থীদের কল্যাণে। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করারও অনুরোধ করেন তারা।’ তবে শিক্ষার্থীরা তাদের পূর্ব নির্ধারিত ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি শেষে আগামী রবিবার থেকে তাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। 

প্রসঙ্গত,এ বছর থেকে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোতে ভর্তি ফি ১১ হাজার ৮১৫ টাকা, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত বিভাগগুলোতে ভর্তি ফি ১৩ হাজার ৩১৫টাকা, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত বিভাগগুলোতে ভর্তি ফি  ১২ হাজার ৪১৫টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের ভর্তি ফির তুলনায় প্রায় ৩ গুণ বেশি।