জাবি’র রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেটের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহবান জানিয়েছে বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল গ্র্যাজুয়েট মঞ্চ।দীর্ঘ ১৯ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার বিকেলে ঢাকায় ধানমন্ডিস্থ জাহঙ্গীরনগর গ্র্যাজুয়েট ক্লাবে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়কালে এ আহ্বান জানান মঞ্চের উপদেষ্টা অধ্যাপক ড. এম এ মতিন।

মত বিনিময়ে মূল বক্তব্য তুলে অধ্যাপক এম এ মতিন বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল গ্র্যাজুয়েট মঞ্চের নেতৃত্বে যারা আছেন তাদের গত কয়েক বছরের নিরন্তর প্রচেষ্টাতেই দীর্ঘ ১৯ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচন অনুষ্ঠানে সংবিধির প্রয়োজনীয় পরিবর্তনেও মঞ্চের উদ্যেক্তাদের দেওয়া প্রস্তাবই সিনেটে গৃহীত হয়েছিল। এ কারণে এ নির্বাচন অনুষ্ঠানের কৃতিত্ব মঞ্চের উদ্যোক্তাদেরই।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৯ বছর যারা সিনেট সদস্য ছিলেন তাদের কাউকেই মঞ্চের প্রার্থী করা হয়নি। ইতিবাচক পরিবর্তনের প্রয়োজনে বিভিন্ন ব্যাচ থেকে পরীক্ষিত ছাত্র নেতাদের নিয়ে সব নতুন মুখ প্রার্থী দেওয়া হয়েছে। এ প্যানেলে বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মূলধারার নেতারা রয়েছেন। একমাত্র এ প্যানেলেরই সুস্পষ্ট নির্বাচনি অঙ্গীকার রয়েছে। দু’টি প্রধান অঙ্গীকার হচ্ছে সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের মেয়াদ তিন বছর পূরণের আগেই পরবর্তী নির্বাচন অনুষ্ঠান নিশ্চিতকরণ এবং জাকসু ও হল সংসদের নির্বাচনের ব্যবস্থা করা।

অধ্যাপক এম এ মতিন নির্বাচনের সার্বিক পরিবেশ তুলে ধরে বলেন, বিশ্ববিদ্যালয় ও সরকারি প্রশাসনে দায়িত্বপালন করা দু’জন উপ-উপাচার্য একটি বিশেষ প্যানেলের পক্ষে সরাসরি নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছেন যা শোভন নয় এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা তৈরি করে। তিনি সার্বিকভাবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

মত বিনিময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঞ্চ পরিচালনা কমিটির অন্যতম সদস্য মঈনুল হাসান মিতুল বলেন, বঙ্গবন্ধুর আদর্শের কথা আরও একটি প্যানেলের পোস্টারে প্রথমে থাকলেও বর্তমানে সেই প্যানেলের প্রার্থীরা নিজেরাই সর্বত্র প্যানেলের পরিচয় দিচ্ছেন শরীফ-মোতাহার প্যানেল হিসেবে। এটা প্রমাণ করে এ নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল গ্র্যাজুয়েট মঞ্চই বঙ্গবন্ধুর আদর্শের একমাত্র প্যানেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র ইউনিয়ন ফোরামের যুগ্ম আহবায়ক ও নির্বাচনে প্রার্থী নিহার রঞ্জন স্যানাল, মো.আতিয়ার জামান,মো.ইমরুল হাসান খান, মো. মেহেদী হাসান (রাশেদ মেহেদী), এ কে এম রেজাউল হক তুহিন, মো.আমিরুজ্জামান পলাশসহ মঞ্চের অন্যান্য নেতারা।